শনিবার ‘দ্য হানড্রেডে’ বার্মিংহাম ফিনিক্স ও ওয়েলশ ফায়ারের ম্যাচে টসের সময় স্বাভাবিকভাবেই আলো ছিল দুই অধিনায়কের দিকে। তবে মাঠে উপস্থিত সবার নজরও ছিল এক বিশেষ অতিথির দিকে—বার্মিংহামেরই ছেলে, ইংল্যান্ড জাতীয় দল এবং রিয়াল মাদ্রিদ তারকা ফুটবলার জুড বেলিংহাম।

বেলিংহাম বার্মিংহাম ফিনিক্সের অংশীদারদের একজন। গতকাল হানড্রেডের ম্যাচে টসের সময় অধিনায়কদের হাতে তিনিই মুদ্রা তুলে দেন। বেলিংহামের এই টসের মুহূর্ত ঘিরে বাড়তি রোমাঞ্চ যোগ করেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক ভারত ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী।

নিজের চেনা, গমগমে কণ্ঠে শাস্ত্রী বলেন, ‘আমাদের ঘরের ছেলে, বার্মিংহামের সুপারস্টার ও গ্যালাকটিকো। দারুণ এক বিশ্বকাপ কাটিয়ে আসা বার্মিংহাম ফিনিক্সের অন্যতম স্বত্বাধিকারী—তিনি জুড বেলিংহাম। এখন জুড টসের জন্য মুদ্রা তুলে দেবেন।’

বেলিংহামকে কাছে পেয়ে ৬৪ বছর বয়সী শাস্ত্রীও উচ্ছ্বসিত ছিলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেলিংহামের প্রশংসা করে তিনি লেখেন, ‘হানড্রেডের টসে বার্মিংহামের নিজস্ব গ্যালাকটিকোকে পাওয়া দারুণ অভিজ্ঞতা। কী দুর্দান্ত খেলোয়াড়! তাঁর আগামী মৌসুমের জন্য শুভকামনা।’

শুধু কথা নয়, বেলিংহামের কাছ থেকে স্মারকও পেয়েছেন শাস্ত্রী। তাঁর সই করা একটি ক্যাপ উপহার পান ভারতীয় সাবেক এই ক্রিকেটার। সেটি নিয়ে রসিকতা করে শাস্ত্রী বলেন, ‘এই অটোগ্রাফটা আমার মেয়ের জন্য নিলাম। এটা না নিয়ে বাড়ি ফিরলে মেয়ে আমাকে ঘরেই ঢুকতে দিত না!’

ম্যাচের টসের ওই মুহূর্ত স্মরণীয় হলেও মাঠের ফল যায়নি বার্মিংহাম ফিনিক্সের পক্ষে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বার্মিংহাম। তবে ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি দলটি—নির্ধারিত ১০০ বলে ৯ উইকেটে ১৩৭ রান তোলে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন জো ক্লার্ক। ওয়েলশ ফায়ারের লকি ফার্গুসন ও মার্কো ইয়ানসেন নেন ২টি করে উইকেট।

১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ওয়েলশ ফায়ার। ফিল সল্টের ৪৬ রানের পর ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক জো রুট অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।