দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং স্প্যানিশ-আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী শনিবার নিজ জন্মভূমি মাদেইরা দ্বীপে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এই জুটি।
প্রতিবেদনে জানানো হয়েছে, ৪১ বছর বয়সী রোনালদো এবং ৩২ বছর বয়সী জর্জিনার বিয়ের অনুষ্ঠানটি হবে মাদেইরার রাজধানী ফুনচালের ঐতিহাসিক ক্যাথেড্রালে। স্থানীয় রীতি মেনে সাধারণত বেলা তিনটায় সেখানে বিয়ের কার্যক্রম শুরু হয়। বিয়ের পর অতিথিদের জন্য শহরের বিলাসবহুল পাঁচ তারকা স্যাভয় প্যালেস হোটেলে সংবর্ধনার আয়োজন করা হবে।
এর আগে গুঞ্জন ছড়িয়েছিল যে, পর্তুগালের সিন্ত্রা শহরের বিখ্যাত কুইন্তা দা রেগালেইরা এস্টেটে এই সপ্তাহান্তেই বিয়ে করবেন তারা। তবে ওই এস্টেটটি নির্ধারিত সময়ে সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকার কথা জানা যাওয়ায় সেই সম্ভাবনা নাকচ হয় এবং মাদেইরার তথ্যের বিষয়টি সামনে আসে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ‘দ্য সান’ আরও জানিয়েছে, নিরাপত্তার কথা বিবেচনা করে স্যাভয় প্যালেস হোটেলের দুটি তলা এবং কয়েকটি বার শুক্রবার ও শনিবার সাময়িকভাবে বন্ধ রাখার কথা অতিথিদের আগেই জানানো হয়েছে।
রোনালদোর জীবনের সঙ্গে ফুনচাল শহরের গভীর সম্পর্ক রয়েছে। এখানেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। শহরে তাঁর সম্মানে একটি ব্রোঞ্জের ভাস্কর্য এবং তাঁর নামে একটি হোটেলও রয়েছে। বর্তমানে বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াবিদ হলেও রোনালদোর শৈশব ছিল অত্যন্ত সংগ্রামের। ছোটবেলায় ভাইবোনদের সঙ্গে একটি ঘরে থাকতে হতো তাঁকে। মাত্র ১১ বছর বয়সে স্পোর্টিং লিসবনের একাডেমিতে যোগ দিতে পরিবার ছেড়ে লিসবনে চলে যান তিনি। তাই জন্মভূমিতে জীবনের এই বিশেষ দিনটি উদ্যাপনের সিদ্ধান্তটি তাঁর কাছে অত্যন্ত আবেগের।
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। ২০১৬ সালে একটি বিলাসবহুল ফ্যাশন স্টোরে কাজ করার সময় জর্জিনার সঙ্গে তাঁর পরিচয় হয় এবং সেখান থেকেই প্রেমের শুরু। গত বছরের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। সম্প্রতি স্পেনের মায়োর্কায় একটি ইয়টে ওঠার সময় দুজনের হাতেই হীরার আংটি দেখা যাওয়ায় বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়।
এর আগে বিশ্বকাপ শেষ হওয়ার পর বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো। গত মাসে বিশ্বকাপ থেকে পর্তুগাল বিদায় নেয় এবং শিরোপা জেতে স্পেন। এরপরই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে সংসার শুরু করতে যাচ্ছেন এই তারকা জুটি।