আগামী মঙ্গলবার (৪ আগস্ট) তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার।

কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বে মার্কিন নৌবাহিনীর ২২ সদস্যের একটি প্রতিনিধিদল এই সফর করবেন।

সফরকালে তিনি বাংলাদেশের সামরিক ও প্রতিরক্ষা খাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করবেন। এই আলোচনায় দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু প্রাধান্য পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিষয়ে যোগাযোগ ও আলোচনা বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে অ্যাডমিরাল কোহলারের এবারের সফরে প্রতিরক্ষা সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র নিয়ে মতবিনিময় হতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যাডমিরাল স্টিফেন কোহলার। এর আগে তিনি ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের অপারেশনস ডিরেক্টর এবং ইউএস থার্ড ফ্লিটের কমান্ডারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া অপারেশন ডেজার্ট স্টর্ম, ইরাকি ফ্রিডম ও ইনহেরেন্ট রিজলভসহ বেশ কিছু সামরিক অভিযানে তিনি নেতৃত্ব দিয়েছেন।