সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ২৮টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২ আগস্ট) বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের মধ্যনগর উপজেলার বাঙালভিটা বিওপির সদস্যরা চেঙ্গিছড়া এলাকা থেকে গরুগুলো উদ্ধার করে। বিজিবি সূত্রে জানা গেছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আনা ২৮টি মাঝারি আকারের ভারতীয় গরু পাচারের সময় বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙালভিটা বিওপির চেঙ্গিছড়া সীমান্ত এলাকা থেকে সেগুলো আটক করা হয়। জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৪০ হাজার টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাঙালভিটা সীমান্ত এলাকা থেকে ২৮টি ভারতীয় গরু আটক করা হয়েছে। আটককৃত গরুগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।"