গণ-অভ্যুত্থান-২৪-এর স্মৃতি স্মরণে আগামী ৭ আগস্ট শুক্রবার এক ফ্যাসিবাদবিরোধী পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। ওই দিন জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই পদযাত্রা শুরু হবে।

রোববার (২ আগস্ট) ছাত্র জমিয়ত মিডিয়া সেলের সদস্য মো. নাবিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গণ-অভ্যুত্থান-২৪-এর চেতনা সমুন্নত রাখা এবং ফ্যাসিবাদবিরোধী জনমতকে আরও সুসংহত করার লক্ষ্যে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থকসহ সর্বস্তরের শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির বলেন, "দেশের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক অধিকার ও জনগণের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচি। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি সফল করতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।"

অন্যদিকে সংগঠনের সভাপতি রিদওয়ান মাযহারী বলেন, "গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। সেই প্রত্যাশা থেকেই শান্তিপূর্ণ ফ্যাসিবাদবিরোধী পদযাত্রার আয়োজন করেছি।"

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।