৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের সুপারিশের ক্ষেত্রে মেধা তালিকা প্রকাশ করতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কোনো আইনি বাধা নেই। বরং এটি বিধিমালার একটি বাধ্যবাধকতা বলে পূর্ণাঙ্গ রায় দিয়েছেন হাইকোর্ট। রোববার (২ আগস্ট) এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।
এর আগে, ৪৩তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় পিএসসির গৃহীত কিছু পদক্ষেপের বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কয়েকশত প্রার্থী। উক্ত রিটের শুনানি শেষে গত ২৫ জুন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমান এই রায় প্রদান করেন।
শুনানি চলাকালীন পিএসসি যুক্তি দেখিয়েছিল যে, পরবর্তী বিসিএসের ফলাফল প্রকাশিত হয়ে গেলে আগের বিসিএস থেকে সুপারিশ করার সুযোগ থাকে না। তবে আদালত তার রায়ে জানান, ২০২৩ সালের বিধিমালা অনুযায়ী সুপারিশ প্রক্রিয়া চালিয়ে যেতে কোনো বাধা নেই।
আদালত আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশ করার নির্দেশনা দিয়েছেন। সেই সঙ্গে মেধা তালিকা প্রকাশের পর সরকারি দপ্তরের শূন্য পদের চাহিদা এবং প্রার্থীদের পছন্দ ও মেধার ভিত্তিতে দ্রুত সুপারিশ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।