কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তা মোড়ে যাতায়াতের ঝুঁকি কমাতে নিজ উদ্যোগে সড়ক মেরামতের কাজ করেছেন এক ট্রাফিক সার্জেন্ট ও দুজন ট্রাফিক কনস্টেবল। রোববার (২ আগস্ট) সকাল ১০টার দিকে এই দৃশ্য দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে ইট ও খোয়া ফেলে ভরাট করতে দেখা যায় ওই ট্রাফিক সার্জেন্ট ও দুই কনস্টেবলকে। এরপর হাত ও পায়ের সাহায্যে খোয়াগুলো সমান করে দেওয়া হয়। একই সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে তারা ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বও পালন করে যান।

স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে সড়কের ওই অংশে বড় গর্ত থাকায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে মোটরসাইকেল ও অটোরিকশা উল্টে দুর্ঘটনার ঝুঁকি ছিল বেশি। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ট্রাফিক পুলিশ সদস্যদের এমন প্রশংসনীয় ও মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন পথচারী ও স্থানীয়রা।

এ বিষয়ে কুমিল্লা সদর ট্রাফিক সার্জেন্ট রাজীব মজুমদার বলেন, "সড়কের গর্তের কারণে প্রতিনিয়ত যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আমরা নিজ উদ্যোগে গর্ত ভরাট করেছি। তবে এটি সাময়িক ব্যবস্থা; স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।"