পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক অবিশ্বাস্য রেকর্ড গড়ে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ফাইনালে মাত্র ৮৫ রানে অলআউট হয়েও সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে ৭৯ রানে গুটিয়ে দিয়ে ৬ রানের নাটকীয় জয় তুলে নিয়েছে তারা। কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে এত কম রানের লক্ষ্য রক্ষা করে জয়ের ঘটনা এটাই প্রথম।

ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই চরম বিপর্যয়ের মুখে পড়ে গায়ানা। সান ফ্রান্সিসকোর ৪১ বছর বয়সী অস্ট্রেলিয়ান পেসার পিটার সিডলের গতি ও সুইংয়ের সামনে অসহায় হয়ে পড়ে তাদের শক্তিশালী টপ অর্ডার। জনসন চার্লস, শিমরন হেটমায়ার ও মোহাম্মদ হারিসকে দ্রুত ফিরিয়ে দিয়ে ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে ৩ উইকেট নেন সিডল।

ম্যাচের নবম ওভার শুরু হওয়ার আগেই গায়ানার স্কোরবোর্ডে ছিল মাত্র ২৯ রান, আর তারা হারিয়ে ফেলে ৮ উইকেট। প্রথম আটজন ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। এক পর্যায়ে মনে হচ্ছিল দলটি ৫০ রানও করতে পারবে না। তবে শেষ দিকের ব্যাটসম্যানদের লড়াইয়ে তারা ৮৫ রান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। দলের সর্বোচ্চ ২৮ রান করেন ১০ নম্বরে নামা ম্যাথু ফোর্ড। এছাড়া ৯ নম্বরে নামা ডোয়াইন প্রিটোরিয়াস ১৭ রানে অপরাজিত থাকেন এবং অধিনায়ক ইমরান তাহির করেন ১১ রান। নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই ৮৫ রানে অলআউট হয় গায়ানা।

জয়ের জন্য মাত্র ৮৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় সান ফ্রান্সিসকো। নিউজিল্যান্ডের টিম রবিনসন ম্যাচসেরা প্রিটোরিয়াসের প্রথম বলে ক্যাচ দিয়ে আউট হন। একপর্যায়ে ৩ উইকেটে ৫৩ রান তুলে জয়ের পথে এগিয়ে ছিল সান ফ্রান্সিসকো। তবে সেখান থেকে মাত্র ৫ রান যোগ করতে গিয়ে তারা আরও ৫ উইকেট হারিয়ে ফেলে। শেষ দিকে পিটার সিডল ১৩ রানে অপরাজিত থাকলেও তা দলের জয় নিশ্চিত করতে পারেনি।

গায়ানার হয়ে ডোয়াইন প্রিটোরিয়াস ও মোহাম্মদ নবী ৩টি করে উইকেট নেন এবং অধিনায়ক ইমরান তাহির শিকার করেন ২টি উইকেট।

২০২৪ সালে যাত্রা শুরু হওয়া গ্লোবাল সুপার লিগের এটি ছিল তৃতীয় আসর। এই টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো গায়ানা। উল্লেখ্য, এই লিগের উদ্বোধনী আসরের শিরোপা জিতেছিল বাংলাদেশের রংপুর রাইডার্স।