‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘আমার গাছ’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (২ আগস্ট) সকাল ৯টায় সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাউসার আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার ও জেলা বন কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মেলা উদ্বোধন শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই মেলা আগামী ১১ আগস্ট পর্যন্ত চলবে।
জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের কর্মকর্তারা জানান, শুধু গাছ লাগালেই হবে না, সেটিকে যত্নে বড় করে তোলাও সমান গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণ ও তার পরিচর্যার কোনো বিকল্প নেই। এর অংশ হিসেবেই সম্প্রতি জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা হয়েছে।