ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার চালানো ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে এই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের তীব্র সংকটের কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
হামলার বিবরণ দিয়ে জেলেনস্কি জানিয়েছেন, "রাশিয়া ইউক্রেন লক্ষ্য করে ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ মোট ৩৫টি ক্ষেপণাস্ত্র এবং ১৮৫টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।"
প্রেসিডেন্ট জেলেনস্কির মতে, প্যাট্রিয়ট ব্যবস্থার কোনো ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র অবশিষ্ট না থাকার কারণেই এই ক্ষয়ক্ষতি ঘটেছে।
অন্যদিকে, ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি বলেন, "ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো সম্মতি দেয়নি।" তিনি আরও উল্লেখ করেন যে, অন্য কাউকে এই প্রযুক্তি তৈরির অনুমতি দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ‘খুবই সতর্ক’ থাকতে হবে।