রাশিয়ার রাজধানী মস্কোর একটি ক্যাফের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, বিস্ফোরণের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শনিবার (১ জুলাই) সন্ধ্যায় মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারের একটি রেস্তোরাঁর কাছে এই দুর্ঘটনা ঘটে। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৭টা ১০) স্কয়ারের বিল্ডিং–১–এর কাছে বিস্ফোরণটি ঘটে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে মস্কো পুলিশ নিশ্চিত করেছে যে, বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন এবং ১৫ জন বিভিন্ন মাত্রায় আঘাত পেয়েছেন। আহতদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।
এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি-র প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণটি মস্কোর বালজি রোসি নামের একটি ইতালীয় রেস্তোরাঁয় ঘটেছে। সে সময় সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল এবং প্রায় ৫০ জন অতিথি উপস্থিত ছিলেন। তবে এই তথ্যের বিষয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
আরটি আরও উল্লেখ করেছে, টেলিগ্রাম চ্যানেল শট–এর তথ্য অনুযায়ী, গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি।
ঘটনার পরপরই পুলিশ, দমকল ও জরুরি সেবা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
রুশ গণমাধ্যমের খবর অনুযায়ী, বিস্ফোরণের পর কুদ্রিনস্কায়া স্কয়ার–সংলগ্ন সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং ব্যারিকাদনায়া মেট্রোস্টেশনের প্রবেশপথও বন্ধ করে দেওয়া হয়েছে।