ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গত মাসে বিক্ষোভের সময় তাঁকে গালিগালাজ করেছিলেন—এমন শিক্ষার্থীদের ক্ষমা করে দেওয়ার কথা তিনি ভাবছেন। তিনি আরও জানান, শিক্ষার্থীদের শাস্তি দেওয়া এবং বারবার আদালতে হাজিরা দিতে বাধ্য করাও পরিস্থিতির সমাধানে কোনো কাজ করবে না।

মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) গত সোমবার জানিয়েছে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা পুলিশি মামলা তুলে নেওয়ার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি থাকলেও বিভিন্ন রাজ্যে ‘শত শত’ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

মোদির তৃতীয় মেয়াদের সবচেয়ে বড় রাজনৈতিক সংকট গত জুলাইয়ে চরম রূপ নেয়। জাতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২০ লাখ শিক্ষার্থীকে আবার পরীক্ষা দিতে বাধ্য করা হয়। এ ঘটনার পর ভারতীয় তরুণদের মধ্যে পর্যাপ্ত সুযোগের অভাব নিয়ে ক্ষোভ তীব্র হয়। এরপর বিক্ষোভকারীদের একাংশ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়া এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেওয়ার প্রেক্ষাপটে কর্তৃপক্ষ শত শত বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা করে।

গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে মোদি বলেন, ‘এরা পথভ্রষ্ট সন্তান। তাদের সঠিক পথ দেখানো আমাদের দায়িত্ব। তাদের শাস্তি দেওয়া, আদালতে ছোটানো কিংবা সমাজে হেয় করা পরিস্থিতির কোনো পরিবর্তন আনবে না।’