ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে মোবাইল চুরির অভিযোগে নাতিকে বাঁচাতে গিয়ে মো. নবী হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় র্যাব দুজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার ভোররাতে জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মো. কামাল (৪৫) ও মো. ইমন (২২) নামের দুই ব্যক্তিকে। তারা হবিরবাড়ী এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে দক্ষিণ গফরগাঁও উপজেলার পাগলা থানার হাটপাড়া গ্রামের দুলালের ছেলে রাবিনের একটি মোবাইল চুরি হয়। চুরির সন্দেহে একই গ্রামের শারফুলের ছেলে রানাকে (২০) অভিযুক্ত করা হয়। এর জের ধরে ২৬ জুলাই রাতে রানাকে বাড়ি থেকে ধরে উপজেলার উস্থি ইউনিয়নের আটপাড়া গ্রামের বাদল মার্কেট এলাকায় সালিশ বৈঠক বসানো হয়।
সালিশ চলাকালে রানাকে একটি খুঁটিতে বেঁধে মারধর করা হয়। নাতির চিৎকার শুনে বৃদ্ধ নবী হোসেন তাকে বাঁচাতে এগিয়ে যান। এ সময় সালিশে উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে নবী হোসেনকে নাতির চুরির সঙ্গী আখ্যা দিয়ে মারধর শুরু করেন। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরে স্বজনেরা তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন নিহতের ছেলে মো. হাইদুল ইসলাম বাদী হয়ে পাগলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কামাল ও ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।