পুলিশের ব্যবহৃত যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশব্যাপী সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। তাৎক্ষণিকভাবে মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শনিবার পুলিশ সদর দপ্তরের অপারেশন্স নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। বার্তায় উল্লেখ করা হয়েছে, পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের ওপর হামলা হতে পারে, তাই নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। দায়িত্ব পালনকালে কোনো যানবাহন থামানোর প্রয়োজন হলে তা নিরাপদ স্থানে পার্কিং করার কথা বলা হয়েছে।

এছাড়া দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড কিংবা অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, প্রয়োজনীয় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্ত করতে বিশেষভাবে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যক্রম তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

সম্প্রতি বেশ কিছু সন্দেহজনক ঘটনার পর এই সতর্কতা জারি করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে। গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে রাখা বোমা উদ্ধার করা হয়। এর পরদিন বাংলাদেশ ব্যাংকের সামনে ছাতা বের হয়ে থাকা একটি বস্তা পড়ে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সর্বশেষ আজ শনিবার দুপুরে মিরপুর-১০ মেট্রো স্টেশনের দ্বিতীয় তলায় একটি সন্দেহজনক ব্যাগ এবং একই সময়ে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচতলায় একটি পিলারের পাশে আরেকটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখা যায়। বোমা থাকতে পারে সন্দেহে পুলিশে খবর দেওয়া হলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে জানায়, এগুলোতে কোনো বিস্ফোরক দ্রব্য নেই।

এই পরিস্থিতি নিয়ে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন মুক্তকণ্ঠকে বলেন, "পুলিশ মাঝেমধ্যেই নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা দেয়। এই বার্তা সেই কাজেরই অংশ। পুলিশকে সক্রিয় রাখতে ও সতর্ক করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।"