ওমান উপকূলের নিকটবর্তী জলসীমায় নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেলবাহী ট্যাংকার থেকে সমুদ্রে অপরিশোধিত তেল ছড়িয়ে পড়ছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গত কয়েক দিনে তেলের বিস্তৃতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়, তেলবাহী জাহাজটির নাম ক্যারোলিন বেজেঙ্গি। জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য অনুযায়ী, এটি রাশিয়ার কৃষ্ণসাগরীয় বন্দর নভোরোসিয়েস্ক থেকে অপরিশোধিত তেল নিয়ে সর্বশেষ যাত্রা শুরু করেছিল।

সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ৮ জুন ইয়েমেনের দক্ষিণাঞ্চলের মুকাল্লা বন্দরের কাছে জাহাজটি প্রথম সমস্যার সংকেত দেয়। প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে, সে সময় জাহাজটিতে একটি বিস্ফোরণ ঘটেছিল।

পরবর্তীতে ২৮ জুলাইয়ের স্যাটেলাইট চিত্রে জাহাজটির চারপাশে সমুদ্রপৃষ্ঠে গাঢ় রঙের তেলের আস্তরণ দেখা যায়। এছাড়া ওমান উপকূলসংলগ্ন সংরক্ষিত সামুদ্রিক এলাকা আল-কিবলিয়াহ দ্বীপের উত্তরেও তেলের দাগ শনাক্ত করা হয়েছে।

ডাচ শান্তি সংস্থা প্যাক্স-এর রিমোট সেন্সিং বিশেষজ্ঞ উইম জুইনেনবার্গ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বলেন, "গাঢ় তেলের স্তর দেখে ধারণা করা হচ্ছে, জাহাজটির অন্তত একটি তেল সংরক্ষণ ট্যাংকে ফাটল সৃষ্টি হয়েছে। সেখান থেকেই অপরিশোধিত তেল সরাসরি সমুদ্রে ছড়িয়ে পড়ছে।"

তিনি আরও সতর্ক করে বলেন, "জুলাই ও আগস্টে এ অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকে। ফলে বৈরী আবহাওয়ার কারণে তেল আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে, যা সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে।"