প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সুনামগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। গ্রেপ্তারকৃত যুবকের নাম আমিরুল হক (২৪), তিনি সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বিরামপুর গ্রামের রমজান আলীর ছেলে।

শনিবার (১ আগস্ট) ভোরে আদার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৯ সূত্রে জানা গেছে, বিরামপুর গ্রামের বাসিন্দা আমিরুল হক প্রতিবেশী ওই ১৫ বছর বয়সী কিশোরীকে রাস্তাঘাটে চলাচলের সময় প্রেমের প্রস্তাব দেওয়া এবং নানাভাবে উত্ত্যক্ত করতেন। কিশোরীটি তার প্রস্তাবে রাজি না হওয়ায় আমিরুল তাকে বিভিন্নভাবে হুমকি দিতেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৪ জুলাই গভীর রাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে আমিরুল হক তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান। এই ঘটনার পর ভুক্তভোগী কিশোরীর ভাই বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় আমিরুল হকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র‍্যাব-৯ এর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করেন।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, "সুনামগঞ্জে কিশোরী ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি আমিরুল হককে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এখন পুলিশ আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।"