বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা বাতিল করলেও বিতর্কের মুখে পড়েছে ফিফা। ফুটবল বিশ্বকাপের এই বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে সৃষ্ট অস্থিরতার মাঝে ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর আস্থা হারানোর কথা জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
জানা গেছে, ফিফার বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনার লক্ষ্যে একটি পৃথক বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছিল। ওই প্রতিষ্ঠানের প্রায় ২০ শতাংশ মালিকানা বিক্রির মাধ্যমে সর্বোচ্চ ৪২০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য ছিল ফিফার।
তবে উয়েফার অন্তর্ভুক্ত ৫৫টি সদস্যদেশ সর্বসম্মতভাবে এই পরিকল্পনার বিরোধিতা করে। সদস্য দেশগুলোর প্রবল আপত্তির মুখে শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হয় ফিফা। উয়েফা এই ঘটনাকে ফুটবলের জন্য একটি জয় হিসেবে অভিহিত করলেও পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
উয়েফার দাবি, বর্তমান ফিফা নেতৃত্ব শুধু তাদের নয়, বরং ফুটবল পরিবারের আরও অনেক সদস্যের আস্থা হারিয়েছে। গোপনে এবং দ্রুততার সাথে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের জবাবদিহির আওতায় আনার দাবিও জানিয়েছে সংস্থাটি।
আগামী ২০২৭ সালের মার্চ মাসে মরক্কোয় অনুষ্ঠিত হবে ফিফা সভাপতি নির্বাচন। টানা চতুর্থ মেয়াদে নির্বাচিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন গিয়ান্নি ইনফান্তিনো। তবে উয়েফার প্রকাশ্য অনাস্থা এবং ইউরোপীয় দেশগুলোর সম্মিলিত বিরোধিতা তাঁর পুনর্নির্বাচনের পথকে কঠিন করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। এই পুরো বিষয়ে ইনফান্তিনো কিংবা ফিফার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।