গোপালগঞ্জের মুকসুদপুরে পশারগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহমান মীরের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ জন নেতাকর্মী তাদের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নে আব্দুর রহমান মীরের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

পদত্যাগকারী এই ১৬ জনের মধ্যে রয়েছেন পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মীর, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব এস এম শহিদুল ইসলাম চুন্নু, পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কাজী সামছুদ্দোহা এবং স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক আবজাল মাসুদ। এছাড়া ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নাসিরুদ্দিন মিয়া, ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক কে এম জামাল উদ্দীন (মিলু), ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক দীপঙ্কর ঘোষ, ৮ নম্বর ওয়ার্ডের সহসভাপতি আনোয়ার হোসেন মোল্যা, ১ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মোল্যা, ২ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ শরীফ ও সজল চক্রবর্তী, ১ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাকির মীর, পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. সজল শেখ এবং ইউনিয়ন কৃষক লীগের নেতা আলীম খান দল ত্যাগ করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রহমান মীর বলেন, "আজকের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার বা আমাদের আর কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতেও থাকবে না। আমরা দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।"

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতারাও আব্দুর রহমান মীরের লিখিত বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।