জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট বুধবার রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করবে।

শনিবার (১ আগস্ট) দুপুরে পুরানা পল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের থানা নেতাদের সমন্বয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আগামী ৫ আগস্টের কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, ওই দিন সকাল ১১টা থেকে সমাবেশ শুরু হবে এবং জোহরের নামাজের আগে গণমিছিল অনুষ্ঠিত হবে। এই গণমিছিলে নেতৃত্ব দেবেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

সভায় উপস্থিত হয়ে দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, "চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে একমাত্র পীর সাহেব চরমোনাই সরাসরি মাঠে ছিলেন। পীর সাহেব চরমোনাই তার দলের অস্তিত্বকে বাজি রেখেছিলেন চব্বিশের জুলাইয়ে। ছাব্বিশের ৫ আগস্ট জুলাইয়ের অবিনশ্বর শক্তির পুনঃপ্রদর্শন করা হবে ইনশাআল্লাহ।"

তিনি আরও জানান, জুলাইয়ের প্রত্যাশামাফিক সংস্কার বাস্তবায়নে ঢাকার রাজপথ জনতার বিপ্লবী স্লোগানে মুখরিত হবে।

নগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন নগর দক্ষিণের সহ-সভাপতি জিএম রুহুল আমীন, আলহাজ আনোয়ার হোসেন, এমএইচ মোস্তাফা, আলহাজ আব্দুল আউয়াল প্রমুখ।