দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৭১ জন রোগী। শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিভাগীয় তথ্যের বিবরণ দিয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, খুলনা বিভাগে ৩৪ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, বরিশালে বিভাগে ৬৯ জন এবং সিলেট বিভাগের দুই জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ আগস্ট পর্যন্ত মোট ১৫ হাজার ৬৮১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এ পর্যন্ত মোট ১৪ হাজার ৪৫৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। তবে ২০২৬ সালে ডেঙ্গুতে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং মোট ৪১৩ জনের মৃত্যু হয়।