চলতি মাসের মধ্যেই ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া নতুন ট্রেন চালু করার কথা জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। একই সঙ্গে কক্সবাজার আইকনিক রেলস্টেশনের পূর্ণাঙ্গ পরিচালনার দায়িত্ব কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

শনিবার (১ আগস্ট) দুপুরে কক্সবাজার আইকনিক রেলস্টেশন ও রামু জংশন পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব তথ্য প্রদান করেন।

এ সময় হাবিবুর রশিদ বলেন, "কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে কেবল একটি ট্রেন স্টেশন নয়, আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সারা দেশকে সমন্বিত রেল যোগাযোগের আওতায় আনতে কাজ করছে সরকার।"

রেললাইনের সম্প্রসারণ প্রসঙ্গে তিনি আরও বলেন, "এই সরকারের আমলেই পঞ্চগড় থেকে কক্সবাজার এবং ঢাকা থেকে সিলেট পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন বাস্তবায়ন করা হবে।"

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও যাত্রীসেবার মান খতিয়ে দেখেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

এই পরিদর্শনে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলসহ রেলপথ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।