রাজধানীর মিরপুর-১০ এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনে দুটি সন্দেহজনক ব্যাগ পাওয়া যাওয়ায় সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট কাজ করছে।

শনিবার দুপুর ১২টার দিকে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের দ্বিতীয় তলায় একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পান সংশ্লিষ্টরা। প্রায় একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচতলায় একটি পিলারের পাশে আরেকটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখা যায়।

ঘটনা প্রসঙ্গে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, "মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের দ্বিতীয় তলায় একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পাওয়ার পর মেট্রোরেল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।"

তিনি আরও জানান, "বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ব্যাগটি পরীক্ষা-নিরীক্ষা করার পরই নিশ্চিত হওয়া যাবে, সেটিতে বিস্ফোরক রয়েছে, নাকি অন্য কোনো বস্তু।"

অন্যদিকে, ফার্মগেট স্টেশনের পরিস্থিতি সম্পর্কে তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, "ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পিলারের পাশে সন্দেহজনক একটি বস্তা পাওয়া গেছে। সেটিও পরীক্ষা–নিরীক্ষা করতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।"