আর্থিক চাপ সামলাতে বিশ্বকাপ জয়ের অন্যতম মূল্যবান স্মারক নিলামে বিক্রি করতে বাধ্য হলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার বেনজামিন মেন্দি। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতার পর পাওয়া ট্রফির আনুষ্ঠানিক রেপ্লিকাটি ৬২ হাজার ২০০ ডলারে বিক্রি করেছেন এই ফরাসি ফুটবলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ লাখ টাকা।

উল্লেখ্য, এটি ফিফার মূল বিশ্বকাপ ট্রফি নয়, বরং বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে মেন্দির দেওয়া ১৫ ইঞ্চি উচ্চতার একটি আনুষ্ঠানিক রেপ্লিকা। যুক্তরাষ্ট্রের নিলামকারী প্রতিষ্ঠান "গোল্ডিন" আয়োজিত ‘গ্লোবাল ফুটবল অকশন পার্ট টু’তে স্মারকটি বিক্রি করা হয়।

গত ২৫ জুলাই শেষ হওয়া এই নিলামে ট্রফিটির জন্য মোট ৩৮টি দর জমা পড়ে। ক্রেতা ট্রফিটির পাশাপাশি মেন্দির স্বাক্ষর করা একটি সত্যতা সনদও পেয়েছেন। তবে ট্রফিটির নিচের অংশে ছোট একটি ফাটল এবং ব্যবহারের কিছু চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম "দ্য সান"-এর প্রতিবেদন অনুযায়ী, নগদ অর্থ জোগাড়ের প্রচেষ্টার অংশ হিসেবেই মেন্দি ট্রফিটি বিক্রি করেছেন। তবে বিক্রির কারণ নিয়ে তিনি নিজে প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি। বিশ্বকাপের রেপ্লিকা ছাড়াও তার ব্যক্তিগত সংগ্রহে থাকা আরও বেশ কয়েকটি ফুটবল স্মারক নিলামে তোলা হয়েছে।

২০১৮ বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। সেই দলের সদস্য মেন্দি টুর্নামেন্টে একটি ম্যাচে মাঠে নেমেছিলেন।

২০১৭ সালে তৎকালীন রেকর্ড ৫২ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন মেন্দি। তবে ২০২১ সালে যৌন অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর তার ক্যারিয়ার থমকে যায়। অভিযোগগুলোর বিচার চলাকালীন সিটি তার বেতন বন্ধ করে দেয়। পরবর্তীতে ২০২৩ সালে দুই দফা বিচারে সব অভিযোগ থেকে খালাস পান তিনি।

আর্থিক সংকটের মাঝে প্রায় আট লাখ পাউন্ড কর বকেয়ার কারণে ব্রিটিশ রাজস্ব বিভাগ মেন্দির বিরুদ্ধে দেউলিয়া ঘোষণার আবেদন করেছিল। এই পরিস্থিতি সামলাতে তিনি চেশায়ারের বাড়িটিও বিক্রির উদ্যোগ নেন। পরে আদালতের রায়ে ম্যানচেস্টার সিটির আটকে রাখা বেতনের অধিকাংশ পাওয়ার অধিকার অর্জন করেন মেন্দি।

ম্যানচেস্টার সিটি ছাড়ার পর লরিয়ঁ ও জুরিখে খেলা মেন্দি বর্তমানে পোল্যান্ডের পোগোন শেচিনে রয়েছেন। একসময় বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার হওয়া এই ফুটবলারকে শেষ পর্যন্ত অর্থ জোগাতে বিশ্বকাপ জয়ের স্মারকটি ছেড়ে দিতে হলো।