মানিকগঞ্জে বেসরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রথমবারের মতো ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সেবা চালু করা হয়েছে। শনিবার (১ আগস্ট) শহরের মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চার শয্যাবিশিষ্ট এই আইসিইউ বিভাগের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
উদ্বোধনী অনুষ্ঠানে আফরোজা খানম রিতা বলেন, "মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী মরহুম হারুনুর রশীদ খান মুন্নুর অন্যতম স্বপ্ন ছিল মানিকগঞ্জের মানুষকে নিজ জেলায় আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা, যাতে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য ঢাকায় যেতে না হয়।"
তিনি আরও উল্লেখ করেন, "বাবার মৃত্যুর পরও সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আইসিইউ সেবা চালু করা হয়েছে।"
আইসিইউ-এর গুরুত্ব বর্ণনা করে মন্ত্রী বলেন, "একটি পূর্ণাঙ্গ হাসপাতালের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ হলো আইসিইউ। প্রাথমিকভাবে চারটি শয্যা নিয়ে সেবা শুরু হলেও ভবিষ্যতে রোগীর চাহিদা অনুযায়ী শয্যা সংখ্যা বাড়ানো হবে।"
চিকিৎসকদের প্রশংসা করে তিনি বলেন, "হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন এবং মানিকগঞ্জে ধাপে ধাপে আরও বিশেষায়িত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নেওয়া হবে।"
অনুষ্ঠানে উপস্থিত সবার কাছে তার বাবার রুহের মাগফিরাত কামনা করে দোয়া চান মন্ত্রী। একই সঙ্গে বাবার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে মরহুম হারুনুর রশীদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরিবারের সদস্যরা। পরবর্তীতে মুন্নু হাসপাতাল, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।
দিনশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।