সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকা ডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে অরুণ দেবনাথ নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় এখনও তিন জন নিখোঁজ রয়েছেন।

ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের বালুচর নামক এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার সময় জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার ১০ জন নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় এক কীর্তন অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচরে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ১০ জনের মধ্যে ৬ জন সাঁতার কেটে তীরে উঠলেও চার জন নিখোঁজ হন।

নিখোঁজ তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত যগীন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ, একই এলাকার মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী এবং মৃত অনিল দেব নাথের ছেলে অধীর দেবনাথ।

শনিবার বেলা ১১টার দিকে অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে জগন্নাথপুর উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

এই বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, "মইয়ার হাওরে নৌকা ডুবিতে চার জন নিখোঁজ ছিলেন, এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বয়ে উদ্ধার অভিযান চলছে।"

অন্যদিকে, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, "ভোর রাতে নৌকা ডুবিতে চার জন নিখোঁজ হয়েছিলে। হাওর থেকে এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানের জন্য সিলেট ফায়ার সার্ভিসকে অনুরোধ করা হয়েছে।"