খাগড়াছড়ির পানছড়িতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। সেই সময় ওই কিশোর মুঠোফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে সেখান থেকে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে শিশুটি বাড়ি ফিরে তার মাকে পুরো বিষয়টি জানায়। এরপর সন্ধ্যায় শিশুটির বাবা পানছড়ি থানায় গিয়ে মৌখিকভাবে অভিযোগ দায়ের করেন।
এই বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, "মৌখিক অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করানোর জন্য পরিবারকে বলা হয়েছে। এখনো শিশুটির পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেননি। তবে মামলা না করলেও অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।"