সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকাডুবিতে চারজন নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের বালুচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা নৌকা নিয়ে নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু করেন। তবে শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত নিখোঁজ চারজনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত যগীন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ, একই এলাকার মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী এবং মৃত অনিল দেব নাথের দুই ছেলে অরুণ দেবনাথ ও অধীর দেবনাথ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার ১০ জন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় এক কীর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক স্থানে তাদের নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ১০ জনের মধ্যে ৬ জন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ হয়ে যান।

এই বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, "মইয়ার হাওরে নৌকা ডুবিতে চার জন নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। খবর পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছে।"