সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ছাতক উপজেলার চেচান পয়েন্টে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নেতৃত্বে এই মিছিলটি বের করা হয়।

এর আগে ওই একই মহাসড়কের হাছনরাজা তোরণ এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেন। এই দুটি কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল চলাকালীন সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন ছাড়া বাকি নেতাকর্মীদের মুখে মাস্ক পরা ছিল।

নিজের ফেসবুক প্রোফাইলে মশাল মিছিলের ভিডিওটি পোস্ট করে আশিকুর রহমান রিপন লিখেছেন, "অশুভ শক্তির বিরুদ্ধে আলোর পথে যাত্রা, আলোক প্রজ্বালন ও মশাল মিছিল। ধন্যবাদ ছাতক উপজেলা ছাত্রলীগ।"

তবে এই মিছিলের বিষয়ে ছাতক থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত জানান, "ফেসবুক দেখেছি সুনামগঞ্জের কোনো এক এলাকায় একটি সেতুর ওপরে মিছিল হয়েছে। তবে ছাতকের কোথাও ছাত্রলীগের মিছিল হয়েছে বলে জানা নেই।"