বিশ্বসাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার বুকার প্রাইজ ২০২৬-এর জন্য ইংরেজি ভাষার সাহিত্যের দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের তালিকায় একদিকে যেমন ডগলাস স্টুয়ার্ট ও মারলন জেমসের মতো সাবেক বিজয়ীদের দেখা যাচ্ছে, তেমনি জায়গা করে নিয়েছেন একঝাঁক নতুন মুখ।
তিনটি মহাদেশের সাতটি দেশের লেখকদের মোট ১৩টি উপন্যাস এবারের দীর্ঘ তালিকায় স্থান পেয়েছে। চমকপ্রদ বিষয় হলো, তালিকায় থাকা ১০ জন লেখকই প্রথমবারের মতো এই সম্মাননা তালিকায় এসেছেন। এর মধ্যে কেনান ওরহান, রেবেকা পেরি ও জামেল হোয়াইট তাঁদের প্রথম উপন্যাসের মাধ্যমেই এই তালিকায় জায়গা করে নিয়েছেন।
বিচারক প্যানেলের সভাপতিত্ব করেছেন মেরি বেয়ার্ড এবং সদস্য হিসেবে ছিলেন পাল্প ব্যান্ডের প্রধান গায়ক জার্ভিস ককার। নির্বাচিত বইগুলোর বিষয়ে মেরি বেয়ার্ড বলেন, "নির্বাচিত প্রতিটি বই পাঠককে নতুনভাবে ভাবতে শেখাবে এবং পরিচিত পৃথিবীকে ভিন্ন দৃষ্টিতে দেখতে উদ্বুদ্ধ করবে।"
বুকার প্রাইজ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী গ্যাবি উড মনে করেন, এ বছরের তালিকায় সাহসী ও মৌলিক গল্পগুলোই প্রাধান্য পেয়েছে।
তালিকায় অভিজ্ঞ লেখকদের লড়াইও চোখে পড়ার মতো। ২০১৫ সালের বিজয়ী মারলন জেমস তাঁর পঞ্চম উপন্যাস 'দ্য ডিজঅ্যাপিয়ারার্স' এবং ২০২০ সালের বিজয়ী ডগলাস স্টুয়ার্ট তাঁর তৃতীয় উপন্যাস 'জন অব জন' নিয়ে প্রতিযোগিতায় আছেন। তাঁদের মধ্যে কেউ জয়ী হলে বুকারের ইতিহাসে তিনি হবেন মাত্র পঞ্চম লেখক, যিনি দুইবার এই পুরস্কার জিতলেন। এছাড়া এলিজাবেথ স্ট্রাউট 'দ্য থিংস উই নেভার সে' উপন্যাসের জন্য তৃতীয়বারের মতো দীর্ঘ তালিকায় স্থান পেয়েছেন।
বয়সের বৈচিত্র্যেও এবারের তালিকাটি অনন্য। ৮১ বছর বয়সী এম জন হ্যারিসন প্রথমবারের মতো দীর্ঘ তালিকায় স্থান পেয়েছেন, অন্যদিকে সবচেয়ে তরুণ প্রতিযোগী হিসেবে আছেন ২৮ বছর বয়সী আইরিশ লেখক জামেল হোয়াইট।
এবারের দীর্ঘ তালিকায় থাকা উপন্যাসগুলো হলো— ক্লোয়ি আরিদিজের 'দ্য শ্যাডো অব দ্য অবজেক্ট', এমা ক্লাইনের 'সুইটজি', ম্যাকেনা গুডম্যানের 'হেলেন অব নোওয়্যার', এম. জন হ্যারিসনের 'দ্য এন্ড অব এভরিথিং', মারলন জেমসের 'দ্য ডিজঅ্যাপিয়ারার্স', লিউক কেনার্ডের 'ব্ল্যাক ব্যাগ', কেনান ওরহানের 'দ্য রেনোভেশন', রেবেকা পেরির 'মে উই ফিড দ্য কিং', গোয়েনডোলিন রাইলির 'দ্য পাম হাউস', এলিজাবেথ স্ট্রাউটের 'দ্য থিংস উই নেভার সে', ডগলাস স্টুয়ার্টের 'জন অব জন', জামেল হোয়াইটের 'অল দেম ডগস' এবং মিসৌরি উইলিয়ামসের 'দ্য ভিভিসেটরস'।
"এ বছর মোট ১৬৩টি উপন্যাস থেকে ১৩টি বই বেছে নেওয়া হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর ঘোষণা করা হবে সংক্ষিপ্ত তালিকা, আর ৯ নভেম্বর জানা যাবে ২০২৬ সালের বুকারজয়ীর নাম।"