দীর্ঘ ২৩ বছর পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার রাতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ দলের প্রথম বহর ঢাকা ত্যাগ করেছে।

রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে ক্রিকেটার ও কোচিং স্টাফ মিলিয়ে মোট ১৭ জন অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হন। প্রথম এই বহরে পাঁচজন ক্রিকেটার রয়েছেন; তারা হলেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। তাদের সঙ্গে রয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, স্পিন কোচ মুশতাক আহমেদ এবং দলের অন্যান্য সাপোর্ট স্টাফ। স্কোয়াডের বাকি ক্রিকেটার ও কর্মকর্তারা পৃথক ফ্লাইটে অস্ট্রেলিয়া গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।

ডারউইনে পৌঁছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করবেন শান্ত ও তার সতীর্থরা। মূল সিরিজের আগে ৬ থেকে ৮ আগস্ট মারারা ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই দলের সমঝোতায় ম্যাচটি ১৩ জনের দল নিয়ে অনুষ্ঠিত হবে, ফলে এটি প্রথম শ্রেণির ম্যাচ হিসেবে স্বীকৃতি পাবে না। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশে স্যাম কনস্টাস, কার্টিস প্যাটারসন ও জশ ফিলিপের মতো আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়দের রাখা হয়েছে।

আগামী ১৩ আগস্ট ডারউনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় প্রতিদিন সকাল সাড়ে ৬টায় খেলা শুরু হবে। এরপর ২২ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট, যা বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে।

দুই ম্যাচের এই সিরিজটি ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, যেখানে চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।

এর আগে ২০০৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। খালেদ মাহমুদের নেতৃত্বাধীন সেই সিরিজে দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল তারা। ২০০৮ সালে ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া গেলেও এরপর আর সেখানে টেস্ট খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে বাংলাদেশে। মিরপুরে প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়েছিল স্বাগতিক বাংলাদেশ, তবে চট্টগ্রামের দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ ১-১ সমতায় শেষ করে অস্ট্রেলিয়া।

প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন ও মুশফিক হাসান।