বাংলাদেশ পুলিশ ক্রীড়া ক্ষেত্রে পুনরায় সাফল্যের স্বাক্ষর রাখতে আগ্রহী বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় পুলিশের যে গৌরবময় ইতিহাস রয়েছে, তা ফিরিয়ে আনাই এখন লক্ষ্য।
শুক্রবার বিকেলে ঢাকার পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত 'বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০২৫'-এর ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশিংয়ের চ্যালেঞ্জিং দায়িত্ব পালনের ক্ষেত্রে শারীরিক ও মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরে আইজিপি বলেন, "পুলিশিংয়ের মতো চ্যালেঞ্জিং দায়িত্ব পালনের জন্য দেহ ও মনের সুস্থতা প্রয়োজন। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা একজন পুলিশ সদস্যকে দায়িত্ব পালনে আরও বেশি কর্মক্ষম ও সক্ষম করে তোলে।"
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, "নিষ্ঠার সঙ্গে নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের সেরা খেলোয়াড় হিসেবে তৈরি করতে হবে।"
এদিনের ফাইনাল ম্যাচে সিলেট রেঞ্জ এবং চট্টগ্রাম রেঞ্জ ফুটবল দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শনের মাধ্যমে সিলেট রেঞ্জ চট্টগ্রাম রেঞ্জকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে সিলেট রেঞ্জের জীবন 'ম্যান অব দ্যা ম্যাচ' এবং আমিরুল 'ম্যান অব দ্য টুর্নামেন্ট' নির্বাচিত হন। আইজিপি বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি মোসলেহ্ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা জেলার পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক শামীমা পারভীন। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হতে যাওয়া পিওএইচএস-১ আবাসিক এলাকার 'পিওএইচএস গ্রিন মার্ট'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইজিপি।