খুলনার দিঘলিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নড়াইলের কালিয়া উপজেলার একই পরিবারের তিন সদস্য প্রাণ হারিয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাতে দিঘলিয়ার আমবাড়ীয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা।
নিহতদের পরিচয় পাওয়া গেছে— উথলী গ্রামের শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), তার শ্যালিকা রুবিয়া (২০) এবং ২২ মাস বয়সী কন্যাসন্তান মাইমুনা। তবে এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শেখ শিহাব অক্ষত রয়েছেন।
স্থানীয় সূত্রে ও পুলিশ থেকে জানা গেছে, শেখ শিহাব মোটরসাইকেলে করে পরিবারসহ খুলনা থেকে কালিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। দিঘলিয়ার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে শিশুসহ দুই নারীর মৃত্যু হয় ঘটনাস্থলেই।
ঘটনার বিষয়ে দিঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, "মোটরসাইকেলে চালক ছাড়া দুজন নারী ও একটি শিশু ছিল। আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।"
তিনি আরও উল্লেখ করেন, "দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।"