বিশ্বকাপের স্বত্ব বিক্রি নিয়ে সমালোচনার মুখে পড়েছে ফিফা। ইউরোপের দেশগুলো এ বিষয়ে আপত্তি জানিয়ে বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেওয়ায় সংস্থাটির অবস্থান আরও চাপে পড়ে। এশিয়ান ও কনক্যাকাফ অঞ্চল থেকেও সমর্থন মিলছে না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। এ পরিস্থিতিতে ফিফা সভাপতির জ্যেষ্ঠ উপদেষ্টাও পদত্যাগ করেছেন।

তবে বিতর্কের মাঝেই ৬৪ দলের বিশ্বকাপ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা ও পরামর্শ প্রক্রিয়া শুরু করেছে ফিফা। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের হাতে আসা একটি নথিতে দেখা গেছে, ১৪ আগস্টের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় সংস্থাটি।

ফিফা সভাপতি ইনফান্তিনো ২১১টি সদস্যদেশকে ফিফার মূল প্রতিযোগিতাগুলোর নিয়ন্ত্রণকারী স্বত্ব বিক্রির একটি পরিকল্পনায় সম্মতি দিতে ডেডলাইন বেঁধে দিয়েছেন। তাঁর দেওয়া সেই ডেডলাইনের ঠিক এক মাস আগে ৬৪ দলের বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্য স্থির করেছে ফিফা।

গত বৃহস্পতিবার ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ৬৪ দলে সম্প্রসারণের সম্ভাবনা’ শিরোনামে একটি গবেষণা সংক্রান্ত খসড়া প্রকাশ করেছে ফিফা। খসড়াটি ঘিরে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য সময় দেওয়া হয়েছে মাত্র ১৫ দিন।

চলতি মাসের শুরুতে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হওয়া ২০২৬ সালের বিশ্বকাপটি ৪৮টি দলের অংশগ্রহণে শুরু হওয়া প্রথম আসর। এর আগে ফিফার জ্যেষ্ঠ কর্মকর্তারা বিশ্বকাপে ৬৪টি দল অংশগ্রহণের বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিলেন। ইএসপিএনের হাতে আসা পাঁচ পৃষ্ঠার ওই নথিতে ফিফা বলেছে, তারা বর্তমান কাঠামোর বাইরে গিয়ে ফিফা বিশ্বকাপের সম্ভাব্য সম্প্রসারণের কৌশলগত প্রভাবগুলো পর্যালোচনা করে দেখছে।

ইউরোপের পর এবার ফিফার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে এএফসিও। নথিতে বলা হয়, ‘২০৩০ আসর থেকে ফিফা বিশ্বকাপ ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ দলে রূপান্তর করা হলে ফুটবলের সার্বিক কাঠামো ও টুর্নামেন্টের গতিপ্রকৃতিতে কী ধরনের প্রভাব পড়বে, তা নির্ধারণ করতে ফিফা একটি স্বাধীন সংস্থাকে নিয়োগ দিতে চায়।’ আগামী ৭ আগস্টের মধ্যে এজেন্সির প্রস্তাব জমা দেওয়ার দিন ঠিক করা হয়েছে। ১৪ আগস্ট ফিফা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে।

আঞ্চলিক কনফেডারেশনগুলোর কাছ থেকে ক্রমশ চাপের মুখে পড়ছেন ফিফা সভাপতি ইনফান্তিনো। ধারণা করা হচ্ছিল ২০২৭ সালের নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও চার বছরের মেয়াদে পুনর্নির্বাচিত হবেন। তবে অত্যন্ত কম সময়ে বিশ্বকাপ সম্প্রসারণের এই তড়িঘড়ি উদ্যোগ তাঁর বিরুদ্ধে অসন্তোষ আরও বাড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ পেয়েছে।

স্বত্ব বিক্রির উদ্দেশ্যে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) গঠন করে একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের হাতে বিক্রি করতে চায় ফিফা। তবে এই পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছে উয়েফা। প্রকল্পটি বাতিল না হওয়া পর্যন্ত ফিফার যেকোনো প্রতিযোগিতা বর্জনের ঘোষণা দিয়েছে সংস্থাটি। তাদের সঙ্গে যোগ দিয়েছে এএফসি ও কনক্যাকাফ।

৯৬টি দেশ বিপক্ষে দাঁড়ানোর পর ফিফা বলেছে, ‘কেউ ফুটবল বিক্রি করছে না’।