ময়মনসিংহ সদর এলাকায় একটি পাটখেতে এক নারীর পচন ধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্গন্ধের সূত্র ধরে স্থানীয় কৃষকরা মরদেহটি খুঁজে পান। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে বেলা আড়াইটার দিকে থানায় নিয়ে আসা হয়। নিহত নারীর বয়স আনুমানিক ৩২ বছর। তাঁর পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আঙুলের ছাপ সংগ্রহ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পাটখেতের পাশের জমিতে কাজ করার সময় কয়েকজন কৃষক তীব্র দুর্গন্ধ পান। এরপর দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তাঁরা পাটখেতের ভেতরে নারীর মরদেহটি দেখতে পান এবং পুলিশকে অবহিত করেন। নিহত নারীর পরনে কালো বোরকা ও জামা ছিল। পচনের কারণে তাঁর মুখমণ্ডল ও বুকে পোকা ধরে গিয়েছিল। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিবিরুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "ঘটনার রহস্য উদ্‌ঘাটন, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।"

অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আশরাফুল করিম বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারীকে সেখানে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।"