রাজধানীর মিরপুর-১২ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১৭ জনের মধ্যে ১১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বাকি ছয়জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

কারাগারে পাঠানো ১১ জন হলেন মো. সুজন হোসেন (২৬), মো. নাসিম (২১), মো. আরিফুল ইসলাম (২১), মো. বিলাল হোসেন (২২), মো. ইব্রাহিম (৩৫), মো. তারেক (২০), সৈয়দ লিমন (১৯), মো. মনিরুজ্জামান শাওন (১৯), মো. নাছিম (২০), রবিউল ইসলাম (২০) ও মো. আলমগীর ইসলাম (২০)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম মুক্তকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার (এসআই) সালাহউদ্দিন আল মামুন গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ জনকে কারাগারে আটক রাখার এবং ছয়জনকে শিশু উন্নয়ন কেন্দ্রে রাখার আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।

মামলার নথি অনুযায়ী, আজ সকাল সাড়ে ছয়টার দিকে পল্লবী থানাধীন মিরপুর-১২ নম্বর এলাকায় মেট্রোরেলের ১৪০ নম্বর পিলারের পূর্ব পাশে নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা-কর্মী ব্যানার নিয়ে জড়ো হন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে। অভিযান চলাকালীন একটি ব্যানার, কয়েকটি মুঠোফোন এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় পল্লবী থানার এসআই সোহান মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেন।

আসামিদের আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা সালাহউদ্দিন আল মামুন তাদের কারাগারে আটক রাখার আবেদন জানান। আবেদনে তিনি উল্লেখ করেন, "আসামিরা জামিনে মুক্তি পেলে পলাতক হতে পারেন এবং তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন।"

শুনানি শেষে আদালত ১১ জন প্রাপ্তবয়স্ক আসামিকে কারাগারে এবং ছয়জন অপ্রাপ্তবয়স্ক আসামিকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।