ঝালকাঠির রাজাপুর উপজেলায় মো. মিজানুর রহমান (৪২) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) উপজেলার গালুয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

নিহত মিজানুর রহমান ওই এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মানসিক সমস্যার পাশাপাশি মিজানুর রহমান দীর্ঘ সময় ধরে তীব্র মাথাব্যথায় কষ্ট পাচ্ছিলেন। গত কয়েক মাস ধরে রাতে তার ঘুম হতো না এবং যন্ত্রণায় প্রায়ই চিৎকার করতেন তিনি। এই সমস্যা সমাধানে তাকে সম্প্রতি বরিশালের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়। এর আগে একাধিকবার পাবনা মানসিক হাসপাতালে নিয়ে গিয়েও চিকিৎসা করানো হয়েছিল বলে জানান স্বজনরা।

নিহতের বড় ভাই মো. নাছির উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান মিজানুর। রাত সাড়ে ১২টার দিকে মাথার যন্ত্রণায় কিছু সময় চিৎকার করলেও পরবর্তীতে শান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে তার বোন তাকে ডাকতে গিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। এরপর তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং রাজাপুর থানা-পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, "পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"