ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি তার প্রতিনিধিদের স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তাকে সর্বশেষ যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটিই চূড়ান্ত। এই প্রস্তাব গ্রহণ না করলে চলতি গ্রীষ্মের দলবদলেই তাকে বিক্রির কথা বিবেচনা করবে রিয়াল কর্তৃপক্ষ।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-র প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক মাস ধরে দুই পক্ষের মধ্যে আলোচনা চললেও কেউই নিজেদের অবস্থানে পরিবর্তন আনেনি। তবে সম্প্রতি আর্সেনালের আগ্রহের খবর সামনে আসার পর ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দ্রুত নিরসনের সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ।
ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান শর্তাবলি মেনে নিলে তবেই ভিনিসিয়ুসের সঙ্গে চুক্তি নবায়ন করা হবে। বেতন বৃদ্ধি করে নতুন কোনো প্রস্তাব দেওয়া কিংবা পুনরায় আলোচনায় বসার কোনো পরিকল্পনা তাদের নেই।
রিয়াল মাদ্রিদ ভিনিসিয়ুসকে দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য মনে করে এবং গত কয়েক মৌসুমে তার অবদানের যথাযথ আর্থিক মূল্যায়ন করতেও প্রস্তুত। তবে একজন খেলোয়াড়ের জন্য ক্লাবের নির্ধারিত বেতনকাঠামো ভেঙে নতুন কোনো শর্ত মেনে নিতে রাজি নয় এই স্প্যানিশ জায়ান্টরা।
ভিনিসিয়ুস যদি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন, তবে তাকে বর্তমান চুক্তির শেষ বছর পর্যন্ত রাখতে চায় না রিয়াল। কারণ এতে ভবিষ্যতে তাকে ফ্রি ট্রান্সফারে হারানোর ঝুঁকি তৈরি হবে। তাই নতুন চুক্তিতে সম্মতি না মিললে গ্রীষ্মকালীন দলবদলেই তাকে বিক্রির পথ খোলা রাখা হবে।
মার্কা-র তথ্যানুসারে, ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। তবে তারা আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব পাঠিয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি।
এদিকে রিয়ালের আক্রমণভাগে প্রতিযোগিতার চাপ আরও বাড়তে পারে। দুই প্রান্তেই খেলতে সক্ষম দিয়োমান্দের সম্ভাব্য আগমনে কোচ হোসে মরিনহোর সামনে নতুন বিকল্প তৈরি হবে। ফলে চুক্তির জটিলতা অব্যাহত থাকলে ভিনিসিয়ুসের বেঞ্চে চলে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না ক্লাবটি।
এখন ভিনিসিয়ুসের সামনে দুটি পথ খোলা। হয় রিয়ালের চূড়ান্ত শর্ত মেনে দীর্ঘমেয়াদি চুক্তি করবেন, অথবা গ্রীষ্মেই নতুন ক্লাবের সন্ধানে নামবেন।