বিশ্বকাপসহ ফিফার বড় প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত পরিকল্পনার মুখে এবার অভ্যন্তরীণ ধাক্কা খেল সংস্থাটি। এই প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কোরদেইরো।

শুক্রবার তাৎক্ষণিকভাবে নিজের পদত্যাগের ঘোষণা দেন কোরদেইরো। এক বিবৃতিতে তিনি জানান, বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির বিষয়টি ফিফা যখন বিবেচনা করছে, তখন নীরব থাকা তার পক্ষে সম্ভব নয়।

সাবেক মার্কিন ফুটবল ফেডারেশন সভাপতি কোরদেইরো হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্ক ফোর্সে ফিফার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমান বিতর্কিত প্রস্তাবটি তৈরিতে তার কোনো ভূমিকা ছিল না বলে দাবি করেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, এই প্রস্তাবের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না এবং আমি সম্পূর্ণভাবে এর বিরোধিতা করছি।’

জানা গেছে, ইনফান্তিনো ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দিয়েছেন, যা বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে। সম্ভাব্য এই প্রতিষ্ঠানের মূল্য ধরা হয়েছে ২ হাজার কোটি ডলার। এর সর্বোচ্চ ২০ শতাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪২০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে ফিফা।

কোরদেইরোর মতে, এই প্রস্তাবটি ফিফার সদস্য অ্যাসোসিয়েশন, বিশ্ব ফুটবল এবং খেলাটির দীর্ঘমেয়াদি ভবিষ্যতের জন্য ক্ষতিকর। ফিফার হাতে বিপুল অর্থ মজুত থাকা এবং কোনো ঋণ না থাকা সত্ত্বেও সবচেয়ে মূল্যবান সম্পদের স্থায়ী অংশীদারত্ব বিক্রির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

গত চার বছরে ফিফার আয় প্রায় দেড় হাজার কোটি ডলার উল্লেখ করে কোরদেইরো বলেন, বর্তমান সম্পদ থেকেই সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে অতিরিক্ত সহায়তা দেওয়ার সামর্থ্য সংস্থাটির রয়েছে। এই অবস্থায় ৪২০ কোটি ডলার সংগ্রহের জন্য বিশ্বকাপের স্থায়ী অংশীদারত্ব বিক্রি করা তার কাছে অর্থহীন।

দীর্ঘদিন বিনিয়োগ ব্যাংকার হিসেবে কর্মরত কোরদেইরোর ভাষায়, এর মাধ্যমে কোনো জোরালো কারণ ছাড়াই ফুটবলের ভবিষ্যৎ বন্ধক রাখা হবে। প্রস্তাবটি প্রত্যাখ্যান করার পাশাপাশি ফিফার অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও প্রকাশ্যে কথা বলার আহ্বান জানিয়েছেন তিনি।

ইনফান্তিনোর এই পরিকল্পনার বিরুদ্ধে ইতিমধ্যে অবস্থান নিয়েছে উয়েফা, কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশন। এমনকি প্রস্তাবটি বহাল থাকলে ফিফার প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের ৫৫টি দেশ। এতদিন আঞ্চলিক সংস্থাগুলোর পক্ষ থেকে বিরোধিতা আসলেও, কোরদেইরোর পদত্যাগের মাধ্যমে ফিফার অভ্যন্তরীণ অসন্তোষ প্রকাশ্যে এল।

তবে ব্যাপক বিরোধিতার মুখেও সদস্য অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফিফা। সংস্থাটির দাবি, তারা ফুটবল বিক্রি করছে না এবং সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন ছাড়া নতুন কোনো প্রতিষ্ঠান গঠন করা হবে না। এই প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত জানানোর জন্য সদস্যদের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

২০২১ সালে বৈশ্বিক কৌশল ও পরিচালনাবিষয়ক উপদেষ্টা হিসেবে ফিফায় নিযুক্ত হয়েছিলেন কোরদেইরো। পদত্যাগের মুহূর্তে সাবেক সহকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এত বড় সিদ্ধান্ত ফুটবলের স্বার্থে নেওয়া উচিত, যারা এটি থেকে লাভবান হতে পারে তাদের স্বার্থে