রাজধানীর মিরপুর-১২ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে মেট্রোরেলের ১৪০ নম্বর পিলারের পূর্ব পাশে এই মিছিল চলাকালীন পুলিশি অভিযানে ১৭ জনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সদস্য। অভিযান চলাকালীন তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, একটি ব্যানার এবং দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
ঘটনা প্রসঙ্গে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক মুক্তকণ্ঠকে বলেন, "মিছিল থেকে ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা পালিয়ে গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা হওয়ার প্রক্রিয়া চলছে।"