বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মূল লক্ষ্য ও স্বপ্ন হলো বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন। বিএনপির কেন্দ্রীয় নেতা ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার এই মন্তব্য করেছেন। সম্প্রতি মুক্তকণ্ঠের আলাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে খোকন তালুকদার বলেন, "তারেক রহমান দেশ ও মানুষের কল্যাণে নিরলস পরিশ্রম করছেন এবং দিনে মাত্র চার থেকে পাঁচ ঘণ্টা ঘুমান।"
তিনি আরও উল্লেখ করেন যে, কোন খাতে কীভাবে উন্নয়ন করা সম্ভব এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে কীভাবে আরও সহজ ও উন্নত করা যায়, সেটিই বর্তমানে তারেক রহমানের প্রধান চিন্তার বিষয়। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে বলে তিনি বিশ্বাস করেন, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে।
বিএনপি ভবিষ্যতের পরিকল্পনাগুলো দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে কেন্দ্র করেই সাজাচ্ছে বলে জানান আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি বলেন, "বিএনপির মূল লক্ষ্য একটি জনবান্ধব প্রশাসন গড়ে তোলা, যেখানে সাধারণ মানুষের কণ্ঠস্বর গুরুত্ব পাবে এবং তাদের সমস্যা সমাধানে সরাসরি উদ্যোগ নেওয়া হবে।"
তারেক রহমানকে একজন নির্যাতিত নেতা হিসেবে অভিহিত করে খোকন তালুকদার বলেন, তিনি প্রতিটি নির্যাতিত পরিবারের অভিভাবকের ভূমিকা পালন করছেন। আগামীর বাংলাদেশে এসব মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার বিষয়ে তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি মন্তব্য করেন।