বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম দাবি করেছেন, যোগ্যতার প্রমাণ দিয়েই এই সংগঠনের নেতৃত্বে আসতে হয়। সম্প্রতি মুক্তকণ্ঠের 'আলাপন' অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, "তৃণমূলে দীর্ঘদিন কাজ, সাংগঠনিক দক্ষতা এবং সদস্যদের ভোটের মাধ্যমেই শিবিরে নেতৃত্ব নির্ধারিত হয়।"
ছাত্রশিবির একটি ক্যাডারভিত্তিক সংগঠন উল্লেখ করে তিনি জানান, প্রতিটি নেতাকে দীর্ঘ সময় তৃণমূল পর্যায়ে কাজ করে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়। এই প্রক্রিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, "এখানে হঠাৎ করে কোনো নেতার সইয়ে রাতের অন্ধকারে কাউকে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করা হয় না।"
সংগঠনের নেতৃত্বের কাঠামো সম্পর্কে তিনি আরও বলেন, "ছাত্রশিবিরের নেতৃত্বের কাঠামো ব্যক্তিকেন্দ্রিক নয় এবং কোনো বড় দলের ইশারায় পরিচালিত হয় না।"
প্রতিবছর সদস্যদের ভোটের মাধ্যমে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন করা হয় বলে জানান তিনি। এই নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ এবং এখানে কোনো ধরনের লবিং বা সিন্ডিকেটের সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।
নেতৃত্বের বয়সসীমা প্রসঙ্গে ছাত্রশিবির সভাপতি জানান, এই সংগঠনে কেন্দ্রীয় সভাপতি ও কার্যকরী পরিষদের সদস্যদের জন্য নির্দিষ্ট বয়স কাঠামো রয়েছে। সাধারণত ৩০ বছরের কাছাকাছি বয়সের ছাত্ররাই কেন্দ্রীয় নেতৃত্বে থাকেন। এছাড়া শাখা ও উপশাখা পর্যায়ের দায়িত্বশীলরাও সবাই বর্তমান ছাত্র এবং ছাত্রত্ব নেতৃত্বের জন্য বাধ্যতামূলক শর্ত বলে তিনি উল্লেখ করেন।