বাংলাদেশে ধর্ম বা বর্ণের দোহাই দিয়ে কোনো ধরনের চক্রান্ত বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি মনে করেন, ধর্মবিশ্বাস ও ধর্মচর্চাকে পুঁজি করে কোনো মহল কাউকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইলে ধর্মপ্রাণ মানুষই তাদের চিহ্নিত করবেন।
শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বরিশাল পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। অতএব, কোনো ধর্মাবলম্বীকে যদি কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চায় কিংবা কোনো ধর্মের দোহাই দিয়ে রাষ্ট্রকে গ্রাস করতে চায়, তবে তা হবে ধর্মবিরোধী ও চরম সাম্প্রদায়িক কাজ। যখনই কোনো মহল ধর্মবিশ্বাস বা চর্চাকে কোনো সাম্প্রদায়িক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করবে, তখনই ধর্মপ্রাণ মানুষকে সেই ধর্মব্যবসায়ীদের চিহ্নিত করতে হবে।"
জহির উদ্দিন স্বপন আরও উল্লেখ করেন যে, রাজনৈতিক নেতাদের প্রতিটি বক্তব্যের মূল লক্ষ্য হতে হবে সাধারণ মানুষের কল্যাণ। তিনি বলেন, "জনগণ যতক্ষণ পর্যন্ত কোনো দল বা প্রতীককে তাদের কল্যাণের বাহক মনে করবে, ততক্ষণ পর্যন্তই সেই দল ও প্রতীক তাদের কাছে গ্রহণযোগ্য থাকবে।"
উক্ত সম্মেলনে পূজা উদ্যাপন পরিষদের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।