বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার তাগিদ দিয়েছে ভারতের একটি সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়ে সংসদীয় কমিটির নবম প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে ভারত সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা সংবলিত একটি প্রতিবেদনে এই সুপারিশটি উঠে এসেছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বজায় রাখা এবং পারস্পরিক আস্থা ধরে রাখতে ভিসা কার্যক্রম স্বাভাবিক করা অত্যন্ত জরুরি। তাই পরিস্থিতি অনুকূলে আসা মাত্রই পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে বাংলাদেশে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ নিতে হবে।
পাশাপাশি, দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় কনস্যুলার সহযোগিতা ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করেছে কমিটি। এই ব্যবস্থার মাধ্যমে নিয়মিতভাবে ভিসা নীতি পর্যালোচনা, আবেদনকারীদের অভিযোগ নিষ্পত্তি এবং বৈধ ভ্রমণকারীরা যেন অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
কমিটির মতে, দ্বিপাক্ষিক সম্পর্ক অটুট রাখতে সাধারণ মানুষের যোগাযোগ অপরিহার্য। ভিসা প্রক্রিয়া স্থবির থাকলে মানুষের মনে বিরূপ প্রভাব পড়তে পারে।
এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে দেশটিতে ভিসা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সীমিত করা হয় এবং কনস্যুলার কর্মীদের প্রত্যাহার করা হয়েছিল। বর্তমানে বাংলাদেশের পাঁচটি ভিসা কেন্দ্রে প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৫০০টি ভিসা ইস্যু করা হচ্ছে, যার প্রায় ৮০ শতাংশই চিকিৎসা-সংক্রান্ত ভিসা।