চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক বাবা ও তার মেয়ে। শুক্রবার (৩১ জুলাই) মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার পর বৃহস্পতিবার মেয়ের মা থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত শাহীন কাজীকে গ্রেপ্তার করেছে।

গত বুধবার রাতে মতলব পৌরসভার উত্তর নলুয়া এলাকার নুরুল ইসলামের সুপারি বাগানে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত জহিরুল হক মুকুল দেওয়ান বোয়ালিয়া উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এবং মতলব পৌর ৭নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি বলেন, "আমার মেয়ে কে একই এলাকার হোসেন কাজীর ছেলে শাহীন কাজী বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিল। অভিযুক্তদের কাছে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে হামলা করে।"

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইমতিয়াজ কবির জানান, "অভিযুক্ত শাহীন কাজীকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে।"