সুনামগঞ্জ শহরতলীর শ্রীপুর এলাকার সুরমা নদী থেকে গলায় গামছা প্যাঁচানো এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের শ্রীপুর গ্রামের পেছনে সুরমা নদীতে মরদেহটি ভাসমান অবস্থায় পাওয়া গেলে পুলিশ তা উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন বেলা ১১টার দিকে সুনামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের পিরিছপুর গ্রামের বাসিন্দারা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন। এরপর মরদেহটি ভেসে যাওয়ার সময় সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের শ্রীপুর গ্রামের কাছ থেকে পুলিশ সেটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০-৪৫ বছর। তার গলায় গামছা প্যাঁচানো ছিল এবং পরনে ছিল ফুল হাতা শার্ট ও হাফপ্যান্ট।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, "ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি বাংলাদেশের সীমান্ত এলাকা বা ভারতের কোনো এলাকার হতে পারে। পাহাড়ি ঢলে মরদেহটি সুরমা নদীতে এসেছে।"
তিনি আরও জানান, "রসহ্য উদ্ঘাটন ও পরিচয় শনাক্ত করার জন্য ময়নাতদন্ত করতে মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং পিবিআই সিলেট অফিসকে জানানো হয়েছে।"