ইতিহাসের পাতায় এমন অনেক যুদ্ধের কথা লেখা আছে যেখানে কোনো অস্ত্রের লড়াই হয়নি, কিন্তু পৃথিবীর মানচিত্র বদলে গেছে। সেখানে কোনো সেনাবাহিনী বা কামানের গর্জন ছিল না; ছিল কেবল একটি গান, কবিতা, নাটক, ছবি কিংবা কোনো সাহসী মানুষের উপস্থিতি। রাজনীতি বা রাষ্ট্রক্ষমতার প্রভাব যেখানে সীমিত হয়ে পড়ে, সেখানে সংস্কৃতি মানুষের চেতনা ও মনোজগৎকে গভীরভাবে রূপান্তরিত করে পরিবর্তনের সূচনা করে। সমাজে যখন ভয় প্রতিষ্ঠার চেষ্টা চলে, তখন স্বাধীন চিত্তের সবচেয়ে স্বাভাবিক প্রকাশ ঘটে সংস্কৃতির মধ্য দিয়ে। যে সমাজ গান, কবিতা, নাচ বা শিল্পের মাধ্যমে নিজেকে প্রকাশ করে, তাকে দীর্ঘকাল দমিয়ে রাখা সম্ভব হয় না, কারণ সংস্কৃতি মানুষের আত্মমর্যাদাকে জাগ্রত করে।

বাংলাদেশের সাম্প্রতিক সামাজিক প্রেক্ষাপটে আমরা এমন এক সংহতি ও সাংস্কৃতিক প্রতিরোধের দৃশ্য দেখেছি, যা এক নতুন অধ্যায় রচনা করেছে। একজন নারীকে সামাজিকভাবে অপমান করার চেষ্টা করা হয়েছিল কেবল এই কারণে যে, তিনি প্রকৃতির মাঝে গান গেয়ে নিজের স্বাভাবিক আনন্দ প্রকাশ করেছিলেন। সেই ব্যক্তিগত আনন্দকে বিকৃত ব্যাখ্যা দিয়ে তাঁকে আক্রমণের লক্ষ্য বানানো হয়। উদ্দেশ্য ছিল একজনকে ভয় দেখানো, কিন্তু শেষ পর্যন্ত মানুষের সম্মিলিত সাংস্কৃতিক প্রতিরোধের কাছে সেই ভয় পরাজিত হয়েছে। এই প্রতিরোধের বিশেষত্ব ছিল এখানে যে, কেউ গালিগালাজ বা ঘৃণার আশ্রয় নেননি। বরং হাজারো মানুষ একই গান গেয়ে, একই আবহে ভিডিও তৈরি করে নান্দনিকভাবে নিজেদের অবস্থান জানিয়েছেন। এখানে সৌন্দর্যই হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা।

"লালন, হাসন রাজা, শাহ আবদুল করিম, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্‌দীন কিংবা আব্বাসউদ্দীনের সৃষ্টির মধ্যে আমরা যেমন আধ্যাত্মিকতার ছায়া দেখি, তেমনি দেখি মানুষের প্রতি গভীর ভালোবাসা, প্রকৃতির প্রতি মুগ্ধতা এবং স্বাধীন চেতনার দীপ্তি। তাঁদের সাহিত্য ও সংগীত কোনো সংকীর্ণ পরিচয়ের মধ্যে আটকে থাকেনি। বরং মানুষকে মানুষ হিসেবে দেখার শিক্ষা দিয়েছে।"

সমাজে সব সময় এমন কিছু শক্তি থাকে যারা মানুষের স্বাধীনতা, বিশেষ করে নারীর স্বাধীনতা নিয়ন্ত্রণ করতে চায়। স্বাধীন নারী কেবল একজন ব্যক্তি নন, বরং তিনি একটি ধারণা—যিনি প্রশ্ন করেন, সিদ্ধান্ত নেন এবং নিজের পছন্দকে মূল্য দেন। এই স্বাধীন সত্তাই কর্তৃত্ববাদী মানসিকতার জন্য বড় চ্যালেঞ্জ। তাই ইতিহাসে নারীর পোশাক, চলাফেরা, হাসি বা শিল্পচর্চাকে নিয়ন্ত্রণের প্রবণতা দেখা যায়। কারণ নারীর স্বাধীনতা প্রতিষ্ঠিত হলে পরিবার থেকে শুরু করে সমাজ ও আগামী প্রজন্মের চিন্তার ভিত বদলে যায়।

সংস্কৃতি মানুষকে কেবল বিনোদন দেয় না, বরং আত্মপ্রকাশের অধিকার দেয়। একজন নারী যখন গান, কবিতা বা শিল্পের মাধ্যমে নিজেকে প্রকাশ করেন, তখন তিনি নিজের অস্তিত্বকে দৃশ্যমান করে তোলেন, যা অনেকের কাছে অসহনীয় হয়ে ওঠে। এখানে ধর্ম ও সংস্কৃতির পার্থক্য বোঝা জরুরি। ধর্ম মানুষের বিশ্বাস ও আধ্যাত্মিকতার বিষয়, আর সংস্কৃতি হলো ভাষা, সাহিত্য, সংগীত, পোশাক ও জীবনযাপনের সম্মিলিত প্রকাশ। বিশ্বাস ভিন্ন হলেও সংস্কৃতি মানুষকে তার ভূখণ্ড ও ইতিহাসের সঙ্গে যুক্ত করে।

"বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম সংস্কৃতির নতুন ক্ষেত্র তৈরি করেছে। এ মাধ্যম যেমন ঘৃণা ছড়ানোর জন্য ব্যবহৃত হতে পারে, তেমনি সংহতি গড়ার জন্যও ব্যবহৃত হতে পারে। সাম্প্রতিক ঘটনায় আমরা দেখেছি, মানুষ একই গানকে ঘিরে এমন এক সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছে, যা কোনো সংগঠনের আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না; মানুষের স্বতঃস্ফূর্ত সাংস্কৃতিক জাগরণই ছিল তার মূল শক্তি।"

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’ পঙ্‌ক্তিটি সংস্কৃতির রাজনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করে। ভয়হীন চিত্ত ছাড়া স্বাধীন সমাজ গঠন সম্ভব নয়, আর সেই চর্চা শুরু হয় শিল্প-সংস্কৃতির মাধ্যমে। কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাও মানবমর্যাদার মুক্তির কথা বলেছে। বিশ্বজুড়ে দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যবিরোধী আন্দোলন বা লাতিন আমেরিকার স্বৈরশাসনবিরোধী লড়াইয়ে সংগীত ও কবিতা হয়ে উঠেছিল প্রতিরোধের ভাষা। বাংলাদেশের ইতিহাসেও এর প্রমাণ মেলে। বায়ান্নর ভাষা আন্দোলন ছিল সাংস্কৃতিক আত্মপরিচয় রক্ষার সংগ্রাম। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান ও কবিদের শব্দ মানুষকে স্বাধীনতার বিশ্বাস জুগিয়েছিল। সাংস্কৃতিক আন্দোলন হয়তো তাৎক্ষণিকভাবে আইন বা সরকার বদলাতে পারে না, কিন্তু তা মানুষের চিন্তা বদলে দেয়, আর চিন্তা বদলালে সমাজ ও রাষ্ট্র বদলাতে বাধ্য হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এখন সংহতি গড়ার নতুন হাতিয়ার। সাম্প্রতিক ঘটনায় দেখা গেছে, কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছাড়াই মানুষের স্বতঃস্ফূর্ত জাগরণ প্রতিরোধ গড়ে তুলেছে। এটি প্রমাণ করে যে, প্রতিবাদের ভাষা সব সময় ক্ষোভ নয়; একটি হাসি, একটি ফুল বা গানও হতে পারে স্বাধীন অস্তিত্বের ঘোষণা।

"সমাজের অন্ধকারের বিরুদ্ধে সবচেয়ে দীর্ঘস্থায়ী আলো জ্বালায় সংস্কৃতি। কারণ, সংস্কৃতিই মানুষের কল্পনাশক্তিকে মুক্তি দেয়, বিবেককে জাগ্রত করে, অন্যের প্রতি সহমর্মিতা গড়ে তোলে এবং স্বাধীনভাবে বাঁচার আকাঙ্ক্ষাকে আরও দৃঢ় করে। যে সমাজ সংস্কৃতিকে ভালোবাসে, সে সমাজ সহজে ঘৃণার কাছে আত্মসমর্পণ করে না। তাই আমাদের সামনে পথ একটাই। অপশক্তির বিরুদ্ধে কেবল রাজনৈতিক সংগ্রাম যথেষ্ট নয়; প্রয়োজন সাংস্কৃতিক জাগরণ। প্রয়োজন এমন সাহিত্য, এমন গান, এমন নাটক, এমন চলচ্চিত্র এবং এমন শিল্পচর্চা, যা মানুষের মধ্যে ভয় নয়, সাহস সৃষ্টি করবে; বিভাজন নয়, সংহতি গড়ে তুলবে; অন্ধ আনুগত্য নয়, মুক্তচিন্তার চর্চা করবে।"

সৌন্দর্য অনেক সময় অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে ওঠে। তবে এই আন্দোলনের সাফল্য নির্ভর করে এর অন্তর্ভুক্তিমূলক চরিত্রের ওপর। যখন কৃষক, শিক্ষক, শিক্ষার্থী, শ্রমিক ও নারী-পুরুষ সবাই একই সাংস্কৃতিক চেতনার অংশ হন, তখন সেই আন্দোলন অপ্রতিরোধ্য হয়। বর্তমান সময়ে আমাদের এমন পরিবেশ প্রয়োজন যেখানে প্রশ্ন করার স্বাধীনতা থাকবে এবং নারী-পুরুষ সমান মর্যাদায় সৃজনশীল সত্তাকে প্রকাশ করতে পারবেন। ঘৃণার স্থায়িত্ব কম হলেও একটি ভালো গান বা সাহসী সাংস্কৃতিক অবস্থান ইতিহাসের অংশ হয়ে যুগ যুগ ধরে বেঁচে থাকে। মুক্ত সমাজের ভিত্তি নির্মাণে সাংস্কৃতিক জাগরণের কোনো বিকল্প নেই।