জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজশাহীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন এই অভিযোগ দাখিল করে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর এস এম মইনুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিদের তালিকায় রয়েছেন রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং বোয়ালিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীরসহ আরও অনেকে।

দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ করা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজশাহীতে রায়হান আলী ও আনজুম সাকিব নামের দুজন আন্দোলনকারীকে হত্যা এবং আরও অনেককে গুরুতর আহত করেছেন আসামিরা।