ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, চাঁদা দাবি এবং হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় পরমেশ্বরদী গ্রামে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান সজীব একটি লিখিত বক্তব্য পাঠ করেন। সেখানে তিনি দাবি করেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংঘর্ষের পর প্রশাসনের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হলেও আব্দুল মান্নান মাতুব্বর পুনরায় এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা শুরু করেন। সরকারের পরিবর্তনের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে তিনি এলাকায় ফিরে আসেন এবং তার অনুসারীরা বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নাজিম হত্যা মামলার বাদী ও সাক্ষীদের ওপর মামলা প্রত্যাহারের চাপ দেওয়া হচ্ছে। তাদের বাড়িতে হামলা, লুটপাট, গবাদিপশু ছিনিয়ে নেওয়া এবং ফসলি জমিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা ঘটছে। এসব কারণে গত পাঁচ মাস ধরে প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার বাড়িছাড়া হয়ে আছেন এবং প্রায় ৬০ থেকে ৭০ বিঘা জমির পাট কাটতে পারছেন না। এছাড়া মাছের ঘের থেকে মাছ লুট ও বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগও আনা হয়। এই বিষয়ে থানায় একাধিক লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

পরমেশ্বরদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্কাস মোল্যা বলেন, "দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি ও তার পরিবার অতীতেও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন।" বর্তমানে আব্দুল মান্নান মাতুব্বরের অনুসারীদের কারণে তিনি স্বাভাবিকভাবে নিজ বাড়িতে বসবাস করতে পারছেন না বলেও দাবি করেন তিনি।

২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আকমল শেখ অভিযোগ করেন, নির্বাচনের পর থেকে তিনি প্রায় সাত মাস ধরে বাড়িছাড়া। তিনি আরও জানান, তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। একই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকুব্বর মাতুব্বর জানান, প্রভাবশালীদের কারণে তিনি নিজের বাড়িতে যেতে পারছেন না এবং জমির পাট কাটতে বাধা পাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান অভিযোগ করেন, তার ভাতিজা সৈয়দ নাজিম আলী হত্যা মামলার বাদী ও সাক্ষীদের মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। মামলা না তোলায় তাদের বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে বলে তিনি জানান।

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে আব্দুল মান্নান মাতুব্বরের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, "এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি নেতারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং আব্দুল মান্নান মাতুব্বরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।