ফিফার বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের ফুটবল সংস্থাগুলো। বৃহস্পতিবার উয়েফার ৫৫টি সদস্য অ্যাসোসিয়েশনের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিবিসি ও দ্য অ্যাথলেটিকসহ বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়েছে।
সম্প্রতি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবের মূল লক্ষ্য হলো ফিফার বাণিজ্যিক স্বত্ব এবং টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বকে একীভূত করা।
জানা গেছে, প্রায় ২ হাজার কোটি ডলার মূল্যায়নে এই প্রতিষ্ঠানের কিছু শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে ৪২০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা করেছে ফিফা। এই বিনিয়োগকারীদের তালিকায় জশুয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ইটারনালও রয়েছে বলে জানা গেছে।
উয়েফা শুরু থেকেই ফিফার এই উদ্যোগের কড়া সমালোচনা করে আসছিল। সংস্থাটির মতে, "ফুটবলের আত্মা ও পরিচালনা ব্যবস্থা বিক্রির পণ্য নয়।"
এই উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবারের সভায় ইউরোপীয় দেশগুলো আসন্ন বিশ্বকাপ বয়কটের পক্ষে ভোট দেয়। নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী গ্রীষ্মে ব্রাজিলে নারী বিশ্বকাপ এবং ২০৩০ সালে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে পুরুষদের বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। উয়েফার এই বয়কট সিদ্ধান্ত কার্যকর হলে দুটি টুর্নামেন্টই সরাসরি প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফিফার প্রস্তাবটি এখনো সদস্য দেশগুলোর অনুমোদনের অপেক্ষায় থাকলেও, উয়েফার এই পদক্ষেপকে ফিফা প্রশাসনের ওপর এক বড় ধরনের চাপ হিসেবে দেখা হচ্ছে।