কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরে পুলিশের উপস্থিতিতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ করা হয়েছে, ছাত্রদল, যুবদল ও বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।
এনসিপির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মো. মুকুল মিয়া জানান, হবিগঞ্জ ও ফুলবাড়ীতে তাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী হামলা চালায়। এতে ছাত্রশক্তির অন্তত ১০ জন নেতাকর্মী আহত নিচ্ছেন।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল। তিনি দাবি করেন, এনসিপির মিছিলে ছাত্রলীগের কর্মীরা অংশ নেয়। ছাত্রদলের মমিনুল নামের এক কর্মী যাওয়ার পথে এনসিপির কার্যালয়ের সামনে হামলার শিকার হয়। এ ঘটনা কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটেছে।
তিনি আরও বলেন, "বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা এনসিপির হয়ে এসব ঘটনা ঘটাচ্ছে।"
ঘটনা প্রসঙ্গে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, ঘটনাস্থলে পুলিশ ছিল। কয়েকজন আহত হয়েছে। এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।